ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ, সহায়তা পেল ১৩০ পরিবার
![]()
নিউজ ডেস্ক
এবারের ঈদকে আরও আনন্দমুখর করতে বিশেষ মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন। পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মাসিক মানবতা ও সমাজকল্যাণ সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জোনের পক্ষ থেকে এলাকার ১৩০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। উপহার হিসেবে এসব পরিবারের হাতে তুলে দেওয়া হয় ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, নতুন শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি। ফলে অনেক পরিবারই স্বস্তির সঙ্গে ঈদের প্রস্তুতি নিতে পারছে এবং পাহাড়ের দুর্গম জনপদে ছড়িয়ে পড়েছে উৎসবের উচ্ছ্বাস।
শুধু ব্যক্তি পর্যায়েই নয়, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিও সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছে সিন্দুকছড়ি জোন। এ সময় এলাকার একটি মন্দিরে আয়োজিত মহাযজ্ঞ অনুষ্ঠানের জন্য নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। পাশাপাশি সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের পুনর্বাসনে নগদ সহায়তা ও ঢেউটিন প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে মোট ২৩ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
শিক্ষা ও কৃষি খাতেও সহায়তার ধারাবাহিকতা বজায় রেখেছে জোনটি। দুটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। একই সঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে স্থানীয় কৃষকদের মাঝে পাঁচটি স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে, যা তাদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সিন্দুকছড়ি জোন-এর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থাকা তাদের অঙ্গীকার। বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান ও মুসলিম—সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। বিজু, বৈসাবি, সাংগ্রাই কিংবা ঈদ—সব উৎসবই সমতার বার্তা বহন করে, আর সেই বার্তা পাহাড়ের প্রতিটি ঘরে পৌঁছে দিতেই এই প্রয়াস।
স্থানীয় সুধী মহলের মতে, সিন্দুকছড়ি জোন-এর এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু আর্থিক সহায়তা নয়, বরং মানবিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। পাহাড়ের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্যের যে চিত্র এতে ফুটে উঠেছে, তা ভবিষ্যতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।