আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা সম্পন্ন, চ্যাম্পিয়ন সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (১৫ এপ্রিল) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশারের শাহীন মসজিদে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান।

তিনি প্রতিযোগিতা উপভোগ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনী রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।
ক্বিরাত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল মোঃ গোলাম মুর্শেদ শুভ প্রথম, ল্যান্স কর্পোরাল খান আব্দুল্লাহ দ্বিতীয় এবং সার্জেন্ট মোঃ সোহেল রানা তৃতীয় স্থান অর্জন করেন।
অন্যদিকে আযান প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ আজিমুল হায়দার প্রথম, বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ মাহাতাব আলী দ্বিতীয় এবং বাংলাদেশ বিমান বাহিনীর সার্জেন্ট (এমওডিসি) সুলতান আহমেদ তৃতীয় স্থান লাভ করেন।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ধর্মীয় মূল্যবোধ চর্চা ও আন্তঃবাহিনী সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
প্রসঙ্গত, সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে ধর্মীয় অনুশীলন, নৈতিকতা ও পারস্পরিক সম্প্রীতি জোরদারে নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয়ে থাকে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।