কোস্ট গার্ডকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
![]()
নিউজ ডেস্ক
দেশের সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা জোরদারে বাংলাদেশ কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘কোস্ট গার্ড দিবস-২০২৬’ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর উদ্যোগে ‘Guardian at Sea’ মূলমন্ত্রে যাত্রা শুরু করা এই বাহিনী আজ সমুদ্র নিরাপত্তায় আস্থার প্রতীক হয়ে উঠেছে। মাদক চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ, জলদস্যু দমন এবং সুন্দরবনের বনজ ও মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি জানান, বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক প্রযুক্তি সংযোজন করা হচ্ছে। ইতোমধ্যে বহরে ৩টি সার্ভেইলেন্স ড্রোন যুক্ত হয়েছে। এছাড়া জাইকার অর্থায়নে একটি মাল্টিরোল রেসপন্স ভেসেল ও দুটি অফশোর প্যাট্রোল ভেসেল নির্মাণাধীন রয়েছে। খুলনা শিপইয়ার্ডের মাধ্যমে বুলেটপ্রুফ উচ্চগতির নৌযান সংযোজন এবং ভবিষ্যতে হেলিকপ্টার ও মেরিটাইম সারভেইলেন্স সিস্টেম অন্তর্ভুক্তির পরিকল্পনাও সরকারের রয়েছে। কোস্ট গার্ডের জনবল ১০ হাজারে উন্নীত করার প্রক্রিয়া চলমান বলেও তিনি উল্লেখ করেন।

বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধের শহিদ, স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

অনুষ্ঠানে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ অবদানের জন্য মোট ১৪ জন কর্মকর্তা, নাবিক ও অসামরিক সদস্যকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের হাতে পদক তুলে দেন এবং দায়িত্ব পালনে নিষ্ঠা অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রসঙ্গত, বাংলাদেশ কোস্ট গার্ড সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।