বিবাহিত ব্যক্তিদের দিয়ে আহ্বায়ক কমিটি করায় বান্দরবানে ছাত্রদলের গণমিছিল
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান জেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে একজন বিবাহিত ও দুই সন্তানের জনককে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে জেলায় গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) সকালে বান্দরবান নির্বাচন অফিসের সামনে থেকে “জেলা ছাত্রদলের সর্বত্র নেতাকর্মীদের” ব্যানারে মিছিলটি বের করা হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সংগঠনের নীতিমালা ও গঠনতন্ত্র উপেক্ষা করে একজন বিবাহিত ব্যক্তিকে আহ্বায়ক করা হয়েছে, যা ছাত্র রাজনীতির মূল আদর্শের পরিপন্থী। তারা বলেন, ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের একটি ক্ষেত্র; সেখানে অছাত্র ও বিবাহিত ব্যক্তির নেতৃত্ব গ্রহণযোগ্য নয়।
বিক্ষোভকারীরা অবিলম্বে ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিল করে যোগ্য ও গঠনতন্ত্র অনুযায়ী নতুন নেতৃত্ব নির্বাচনের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
উল্লেখ্য, গত ২ মে রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দিন নাছির-এর স্বাক্ষরে ১০ সদস্যবিশিষ্ট বান্দরবান জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ফরহাদ হোসেন জিকুকে আহ্বায়ক এবং শহীদুল ইসলামকে সদস্য সচিব করা হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।