খাগড়াছড়িতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উদ্বোধন
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে জেলা পর্যায়ের “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এ সময় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান মারুফ।
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোগ বিকাশে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলার ৯টি উপজেলার মধ্যে উপজেলা পর্যায়ে নির্বাচিত ৯টি বিদ্যালয় জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান প্রকল্প, স্টার্টআপ উদ্যোগ এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন ও উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেন। পরে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচন করা হয়। বিজয়ী বিদ্যালয় বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় খাগড়াছড়ি জেলার প্রতিনিধিত্ব করবে।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তাই শিক্ষার্থীদের মধ্যে গবেষণামূলক মনোভাব, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়লে ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ তৈরি হবে এবং দেশ চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সক্ষম হয়ে উঠবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।