দুই বছরে ১,৬৭৯ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি আসাম সরকারের
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের আসাম সরকার গত দুই বছরে ১ হাজার ৬৭৯ জন কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
সোমবার (১৩ জুলাই) আসাম বিধানসভায় এআইইউডিএফের বিধায়ক বদরুদ্দিন আজমলের এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ তথ্য জানান। তিনি রাজ্যের স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিষয়ক দপ্তরের দায়িত্বও পালন করছেন।
মুখ্যমন্ত্রী জানান, ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে কথিত অবৈধ অভিবাসী হিসেবে শনাক্ত হওয়া ১ হাজার ৬৭৯ জনকে বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
তিনি বলেন, নাগরিকত্ব-সংক্রান্ত বিষয়ে আসাম সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশনা ও বিদ্যমান আইন অনুযায়ী কাজ করে এবং কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে সরাসরি এ বিষয়ে যোগাযোগ করে না।
হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “রাজ্য সরকার নাগরিকত্ব-সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের জারি করা আইন ও নির্দেশনা বাস্তবায়ন করে। এসব আইন কার্যকর করার সময় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করা হয়, যাতে কোনো ব্যক্তির মানবাধিকার লঙ্ঘিত না হয়।”
তিনি আরও জানান, শনাক্ত ব্যক্তিদের মামলার পরিস্থিতি অনুযায়ী প্রত্যাবাসন, বহিষ্কার অথবা Expulsion-সহ বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়েছে।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অভিবাসনের অভিযোগ সংক্রান্ত মামলা যদি গুয়াহাটি হাইকোর্ট বা ভারতের সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকে, তাহলে সেই ব্যক্তিকে ফেরত পাঠানো হয় না।
কথিত অবৈধ অভিবাসীদের ‘পুশব্যাক’ প্রক্রিয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, নাগরিকত্ব সম্পূর্ণভাবে ভারতের কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত বিষয়। এ ক্ষেত্রে আসাম সরকার কেন্দ্রের বিদ্যমান আইন ও সময়ে সময়ে জারি করা নির্দেশনা অনুসরণ করে।
তিনি পুনর্ব্যক্ত করেন, নাগরিকত্ব-সংক্রান্ত আইন প্রয়োগের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের মানবাধিকার যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়টি নিশ্চিত করেই রাজ্য সরকার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।