যুক্তরাষ্ট্র-ইরানকে সংলাপে ফেরাতে চায় চীন ও পাকিস্তান
![]()
জার্নাল প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে সংঘাত বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। শুক্রবার (১৭ জুলাই) সাংহাইয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত শত্রুতা বন্ধ করে সংলাপের পথে ফিরে আসার আহ্বান জানান।
মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে গত কয়েক মাস ধরেই চীন ও পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা করে আসছে। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা হলেও, মাত্র এক মাসের ব্যবধানে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আবারও সংঘর্ষ শুরু হয়।
ওয়াং ই বলেন, ‘এই সমঝোতা অনেক কঠিন প্রচেষ্টার ফল। শান্তি এখন আমাদের সামনে।
শেষ মুহূর্তে এসে তা নষ্ট করা উচিত নয় এবং অর্জিত অগ্রগতিও হারানো যাবে না।’
এদিকে শুক্রবারও যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়েছে। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র বিমানবন্দর, রেলস্টেশন এবং দুটি সেতুসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
এর জবাবে ইরান জানিয়েছে, তারা কুয়েতে যুক্তরাষ্ট্রের মিত্রদের সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
গত জুনের সমঝোতার পর হরমুজ প্রণালী সাময়িকভাবে খুলে দেওয়া হলেও, গত সপ্তাহে ইরান ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ না করা পর্যন্ত প্রণালীটি আবারও বন্ধ থাকবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রও ইরানের সমুদ্রবন্দরগুলোর ওপর পুনরায় অবরোধ আরোপ করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।