আন্দোলন থামাতে না পারায় দিল্লির পুলিশ কমিশনারকে সরিয়ে দিল মোদী সরকার

আন্দোলন থামাতে না পারায় দিল্লির পুলিশ কমিশনারকে সরিয়ে দিল মোদী সরকার

আন্দোলন থামাতে না পারায় দিল্লির পুলিশ কমিশনারকে সরিয়ে দিল মোদী সরকার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলন সামলাতে না পেরে শেষ পর্যন্ত পদ হারাতে হলো দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচাকে। মোদী সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আকস্মিক আদেশে তাকে সরিয়ে দিয়েছে। তার জায়গায় নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ১৯৯৪ ব্যাচের আইপিএস কর্মকর্তা অনুরাগ কুমারকে। আগামী তিন বছরের জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

যে কারণে এই রদবদল

যন্তর মন্তরে পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের আমরণ অনশন ও ‘তেলাপোকা জনতা পার্টি’র আন্দোলন দমনে ব্যর্থতাই সতীশ গোলচার বিদায়ের অন্যতম প্রধান কারণ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, এই আন্দোলন আরও পেশাদারত্বের সঙ্গে মোকাবিলা করা যেত। কিন্তু পুলিশ তা করতে পারেনি।

এ ছাড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বা এসএইচও নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব নিয়ে সরকারের মধ্যে ক্ষোভ ছিল। পূর্বতন পুলিশ কমিশনারের তৈরি করা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া ভেঙে নিজের মতো করে তালিকা প্রকাশ করেছিলেন গোলচা। কেন্দ্র থেকে বারবার সতর্ক করার পরও তিনি সেই প্রক্রিয়ায় বদল আনেননি।

দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি

দিল্লি পুলিশের একের পর এক দুর্নীতিতে জড়িয়ে পড়ার ঘটনাও সরকারের শীর্ষ মহলকে ক্ষুব্ধ করেছে। সম্প্রতি সিবিআইয়ের হাতে দিল্লি পুলিশের দুই পরিদর্শক ঘুসসহ গ্রেফতার হন। এই ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়।

পাশাপাশি দিল্লির সাম্প্রতিক কিছু বড় অপরাধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এই সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে। গত এপ্রিলে দিল্লির বিধানসভায় গাড়ি নিয়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়ার ঘটনা ঘটে। জুনে দক্ষিণ দিল্লিতে এক নাবালিকাকে গাড়িচালকের ধর্ষণ ও হত্যা এবং একটি হোটেলে আগুনে ২৩ জনের মৃত্যুর ঘটনাও পুলিশের ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। সেই সঙ্গে বিদেশ থেকে গ্যাংস্টারদের মাধ্যমে চাঁদাবাজির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ ছিল মোদি সরকার।

এক বছরে দ্বিতীয়বার বদল

সাধারণত দিল্লির পুলিশ কমিশনারের মেয়াদ অন্তত দুই বছর হয়ে থাকে। তবে এক বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার কোনো কমিশনারকে মেয়াদের আগেই সরিয়ে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সতীশ গোলচাকে বর্তমানে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের কার্যালয়ে রিপোর্ট করতে বলা হয়েছে। সেখানে তিনি পরবর্তী পদায়নের জন্য অপেক্ষা করবেন। অবসরের আরও এক বছরের বেশি সময় বাকি থাকতেই তাকে এই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *