ইউসিবির উদ্যোগে খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে জরুরি ত্রাণ বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে ব্যাংকটি বন্যাদুর্গত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া, এমপি।
তিনি দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দিয়ে তাদের খোঁজখবর নেন এবং দুর্যোগের এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় এমপি আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, সাম্প্রতিক বন্যায় খাগড়াছড়ির বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন সময়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি যেভাবে মানবিক দায়িত্ববোধ থেকে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি এ উদ্যোগের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; সমাজের বিত্তবান ব্যক্তি, করপোরেট প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টা থাকলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।

ত্রাণ বিতরণকালে ইউসিবির কর্মকর্তারা জানান, দেশের যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে এবং তাদের জরুরি প্রয়োজন মেটাতে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও জরুরি ব্যবহার্য সামগ্রী, যা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা ব্যাংকটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের সময়ে এমন সহযোগিতা তাদের জন্য অনেক বড় সহায়তা বলে জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।