ফটিকছড়ির বন্যাদুর্গত ১০০ পরিবারকে সেনাবাহিনী লক্ষীছড়ি জোনের মানবিক সহায়তা
![]()
জার্নাল প্রতিবেদক
সাম্প্রতিক ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের অধীন লক্ষীছড়ি জোনের উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বন্যাকবলিত এলাকায় ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা যায়, গতকাল শুক্রবার (১৭ জুলাই) ও আজ শনিবার (১৮ জুলাই) দুই দিনব্যাপী পরিচালিত এ মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় ফটিকছড়ি উপজেলার পূর্ব ভুজপুর, সুন্দরপুর ও বক্তপুর ইউনিয়নের দুর্গত পরিবারগুলোর হাতে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন সেনাবাহিনীর সদস্যরা।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের খাদ্যসংকট ও দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে দ্রুত এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। দুর্গম এলাকায় বসবাসকারী অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সরাসরি পৌঁছে ত্রাণ বিতরণ করেন সেনাসদস্যরা। এতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবার তাৎক্ষণিক সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করে।
ত্রাণ বিতরণকালে সেনাবাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয় এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের এই কঠিন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর দ্রুত মানবিক সহায়তা তাদের দুর্ভোগ অনেকাংশে কমিয়েছে। তারা সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্গম এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ায় অনেক পরিবার উপকৃত হয়েছে।
সেনাবাহিনী সূত্র আরও জানায়, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বন্যাকবলিত এলাকায় খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা, উদ্ধার কার্যক্রম ও পুনর্বাসনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।