এএইচএফ কাপে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী জুনিয়র হকি দল
![]()
জার্নাল প্রতিবেদক
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হয়েছে নতুন এক গৌরবময় অধ্যায়। ওমানের রাজধানী মাসকটে অনুষ্ঠিত উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ-২০২৬-এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ফাইনালে শক্তিশালী কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় বাংলাদেশের তরুণীরা।
টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত নৈপুণ্য, শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে একটিও ম্যাচ না হেরে শিরোপা জয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নারী হকির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে দলটি। খেলোয়াড়দের এই সাফল্যে দেশের ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইছে।
বাংলাদেশ হকি ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের ক্রীড়া উন্নয়নমূলক ধারাবাহিক উদ্যোগ এবং খেলোয়াড়দের দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবেই এ ঐতিহাসিক অর্জন এসেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সাফল্য দেশের নারী হকির অগ্রযাত্রাকে আরও বেগবান করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেলে ধরতে উৎসাহিত করবে।

এই ঐতিহাসিক ফাইনাল ম্যাচে বাংলাদেশ দলের পাশে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের প্রেসিডেন্ট এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
তিনি ওমানে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন এবং শিরোপা জয়ের পর পুরো দলকে অভিনন্দন জানান।
বাংলাদেশ হকি ফেডারেশনের তথ্য অনুযায়ী, হকি ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে বিমান বাহিনী প্রধান দীর্ঘদিন ধরে দেশের হকির সার্বিক উন্নয়ন, খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। ওমানে তার উপস্থিতি খেলোয়াড়দের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

টুর্নামেন্টজুড়ে ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও গ্যালারিতে উপস্থিত থেকে বাংলাদেশ নারী জুনিয়র হকি দলকে প্রাণবন্ত সমর্থন জানান। ম্যাচের প্রতিটি মুহূর্তে লাল-সবুজের পতাকা উড়িয়ে তাদের উৎসাহ-উদ্দীপনা খেলোয়াড়দের মনোবল আরও বাড়িয়ে দেয়। এ জন্য বাংলাদেশ হকি ফেডারেশনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
সরকারি সফরের অংশ হিসেবে ওমানে অবস্থানকালে বিমান বাহিনী প্রধান আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH)-এর প্রেসিডেন্ট, হকি ওমানের প্রেসিডেন্ট, এশিয়ান হকি ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আন্তর্জাতিক হকি অঙ্গনের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশের হকির উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, খেলোয়াড় বিনিময়, প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।