বন্যায় ক্ষতিগ্রস্ত কেউ সরকারি সহায়তা থেকে বাদ যাবে না- দীপেন দেওয়ান
![]()
জার্নাল প্রতিবেদক
সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন সংসদ সদস্য দীপেন দেওয়ান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত ফিরিয়ে আনতে পুনর্বাসনের পাশাপাশি অবকাঠামো পুনর্নির্মাণ এবং কৃষিখাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
রোববার (১৯ জুলাই) বিকেলে রাঙামাটির কাউখালী উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীপেন দেওয়ান বলেন, ‘আমি প্রতিদিন দুর্যোগকবলিত বিভিন্ন এলাকায় যাচ্ছি। ক্ষতিগ্রস্ত মানুষের সমস্যার কথা শুনছি এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করছি। সরকারের লক্ষ্য হলো, কোনো ক্ষতিগ্রস্ত মানুষ যেন সরকারি সহায়তা থেকে বাদ না পড়ে।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। সরকার চায় ধর্ম, বর্ণ, গোত্র ও পেশা নির্বিশেষে দেশের সব মানুষ সমান সুযোগ-সুবিধা ও উন্নয়নের অংশীদার হোক।
দীপেন দেওয়ান জানান, রাঙামাটি পার্বত্য জেলার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতোমধ্যে ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও আরও আর্থিক সহায়তা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিশেষ করে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এবারের বন্যা ও পাহাড়ধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে সঠিক তালিকা প্রস্তুতের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি পুলিশ, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের ভূমিকার প্রশংসা করে দীপেন দেওয়ান তাদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার কারণেই ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব হোসেন এবং কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালীর সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী, রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ত্রাণ বিতরণ শেষে দীপেন দেওয়ান কাউখালী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম, ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র, সরকারি সহায়তা কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।