বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত কেউ ত্রাণ থেকে বঞ্চিত হবে না: থানজামা লুসাই
![]()
জার্নাল প্রতিবেদক
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের কোনো মানুষ ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হবে না বলে আশ্বাস দিয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এবং সরকারের নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।
রোববার (১৯ জুলাই) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউস প্রাঙ্গণে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির উদ্যোগে আয়োজিত বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার আন্তরিকতার সঙ্গে বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে। সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও দুর্গম এলাকায় ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা চাই, প্রকৃত ক্ষতিগ্রস্ত কোনো পরিবার যেন সহায়তা থেকে বাদ না পড়ে।
অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান চৌধুরী বলেন, “ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সবসময় মানুষের কল্যাণে কাজ করে। অতীতের প্রতিটি দুর্যোগে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
পরে চেয়ারম্যান ও ব্যাংকের কর্মকর্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বান্দরবান শাখার ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মো. হানিফ চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, ব্যাংকের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বন্যাদুর্গত মানুষ।
ত্রাণ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের এমন মানবিক উদ্যোগ তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।