রামগড়ের ইউএনওর নম্বর ক্লোন করে ওসি ও বিএনপি নেতাদের ফোন, টাকা দাবির অভিযোগ
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের দাপ্তরিক মোবাইল নম্বর ক্লোন করে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও স্থানীয় বিএনপি নেতাদের ফোন করে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র। বিষয়টি জানাজানি হওয়ার পর ইউএনও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার (১৯ জুলাই) সন্ধ্যা থেকে একটি প্রতারক চক্র ইউএনওর সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ শুরু করে। ফোনে তারা নিজেদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়।
অভিযোগ রয়েছে, প্রতারক চক্রটি রামগড় থানার ওসি নাজির আলমের কাছে ফোন করে টাকা দাবি করে। একই সঙ্গে উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূঁইয়ার কাছেও ফোন করে ইউএনও পরিচয়ে কথা বলে। একপর্যায়ে তাদের কাছে জানতে চাওয়া হয় নম্বরটি সেভ করা আছে কি না।
উপজেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূঁইয়া জানান, তারা একসঙ্গে থাকার সময় ফোনটি আসে। প্রতারকের কণ্ঠস্বর এবং আন্তর্জাতিক (কান্ট্রি) কোড দেখে তাদের সন্দেহ হয়। বিষয়টি বুঝতে পারার পর প্রতারক দ্রুত ফোন কেটে দেয়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, আমার দাপ্তরিক নম্বর ক্লোন করার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, প্রতারক আমাকেও ফোন করেছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রতারক চক্রকে শনাক্তের চেষ্টা চলছে।
উপজেলা প্রশাসন সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ইউএনও বা অন্য কোনো সরকারি কর্মকর্তার পরিচয়ে ফোন করে অর্থ বা আর্থিক লেনদেনের অনুরোধ করা হলে তা যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।