‘নির্বাচিত সংসদ সদস্যদের সাথে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে তিন জেলা পরিষদ পুনঃগঠন করা হবে’
![]()
জার্নাল প্রতিবেদক
অন্তবর্তীকালীন সরকারের সময়ে গঠিত তিন পার্বত্য জেলা পরিষদ দ্রুততম সময়ের মধ্যে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে এমন ব্যক্তিদের নিয়েই পরিষদ পুনর্গঠন করা হবে, যারা দেশপ্রেমে বিশ্বাসী এবং জনগণের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
রোববার (১৯ জুলাই) খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং যন্ত্রনাথ কার্বারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হবে। পার্বত্য চট্টগ্রামে এখন আমাদের নির্বাচিত সংসদ সদস্যরা আছেন। তাঁদের সঙ্গে আলোচনা করেই পরিষদগুলো পুনর্গঠন করা হবে। যারা দেশকে ভালোবাসে, বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে চায়, তাদের নিয়েই নতুন পরিষদ গঠন করা হবে।’

তিনি আরও বলেন, স্বৈরাচারির আমলের ১৭ বছরের জমে থাকা সমস্যা এক-দুই মাসে সমাধান করা সম্ভব নয়। এটি একটি চলমান প্রক্রিয়া। সরকার ধাপে ধাপে প্রয়োজনীয় সংস্কার ও পুনর্গঠনের কাজ এগিয়ে নিচ্ছে।
সরকারের কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। বন্যা, মধ্যপ্রাচ্যের বৈশ্বিক সংকটসহ বিভিন্ন পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করেছে সরকার।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরীসহ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মধ্যে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।