বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ ভবনের উদ্বোধন
![]()
জার্নাল প্রতিবেদক
বাংলাদেশের আকাশ ও মহাকাশ শক্তি, জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা-সংক্রান্ত গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করতে বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (BCASPS)-এর নিজস্ব ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) ঢাকা সেনানিবাসে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বাশারে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আনুষ্ঠানিকভাবে BCASPS ভবনের স্মারক ফলক উন্মোচন করেন।

উদ্বোধন শেষে বিমান বাহিনী প্রধান নবনির্মিত ভবন প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
পরে তিনি প্রতিষ্ঠানটির দাপ্তরিক ও অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজের আনুষ্ঠানিক কার্যক্রম ও ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিমান বাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় প্রতিষ্ঠানটি আকাশ ও মহাকাশ শক্তি, জাতীয় নিরাপত্তা, কৌশলগত পরিবেশ এবং প্রতিরক্ষা নীতিমালা বিষয়ক গবেষণা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বিমান বাহিনী প্রধান আশা প্রকাশ করেন, নতুন ভবনের মাধ্যমে BCASPS-এর গবেষণা, শিক্ষা, নীতিনির্ধারণ-সহায়ক কার্যক্রম এবং কৌশলগত বিশ্লেষণ আরও শক্তিশালী হবে। তিনি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা গবেষণায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।

তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০-এর অধীনে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (RJSC)-এ নিবন্ধিত হয়েছে, যা প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক ভিত্তি প্রদান করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, এয়ার অধিনায়ক (আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র), বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার ও বাশারের এয়ার অধিনায়কগণ, বিমান বাহিনী ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (TRADOC)-এর কমান্ড্যান্ট, BCASPS-এর গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।