বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
![]()
জার্নাল প্রতিবেদক
বিদায়ী বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান মঙ্গলবার (২১ জুলাই) বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। এ সময় বিমান বাহিনী প্রধান বিদায়ী নৌবাহিনী প্রধানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
এর আগে বিমান বাহিনী সদর দপ্তরে পৌঁছালে বিদায়ী নৌবাহিনী প্রধানকে বিমান বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি গার্ড অব অনার পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।

পরে নৌবাহিনী প্রধান বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় বিমান বাহিনী প্রধান, বিমান সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান আন্তঃবাহিনী সহযোগিতা, পারস্পরিক আস্থা এবং পেশাদার সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।