ঋণের কিস্তি আদায় বন্ধে খাগড়াছড়িতে এনজিও সংস্থার সঙ্গে জেলা পরিষদের সমন্বয় সভা
![]()
জার্নাল প্রতিবেদক
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পার্বত্য চট্টগ্রামসহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের ঋণগ্রহীতাদের ঋণের কিস্তি আদায় আগামী তিন মাস স্থগিত রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে খাগড়াছড়িতে কর্মরত এনজিও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সভা করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
বুধবার (২২ জুলাই) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে গৃহীত সিদ্ধান্তগুলো তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) গত ১৩ জুলাই জারি করা নির্দেশনার আলোকে খাগড়াছড়িতে কার্যরত জাতীয় ও স্থানীয় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে বন্যাকবলিত এলাকার ঋণগ্রহীতাদের কিস্তি আদায় আগামী তিন মাসের জন্য স্থগিত রাখতে বলা হয়েছে।
এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জোরদার করা, প্রয়োজন অনুযায়ী দুর্যোগকালীন ঋণ সুবিধা চালু করা, গ্রাহকদের সঞ্চয়ের অর্থ দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ এবং বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বক্তারা বলেন, সরকারের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব করতে হবে। কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বা এনজিও যদি এসব নির্দেশনা অমান্য করে, তাহলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াছ মেহেদী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহম্মেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং খাগড়াছড়িতে কর্মরত বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।