সবুজায়নে বান্দরবানে ৩৫ হাজার বৃক্ষের চারা বিতরণ, উপকারভোগী ৪ হাজার ১০০ পরিবার
![]()
জার্নাল প্রতিবেদক
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পাহাড়ে সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে বান্দরবানে ৩৫ হাজার ঔষধি, ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘ইকোসিস্টেম রেস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট-সিএইচটি (ERRD-CHT)’ প্রকল্পের করলিয়া (CoRLIA) কম্পোনেন্টের আওতায় ২০২৬ সালের জুন থেকে জুলাই মাস পর্যন্ত এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
প্রকল্পের আওতায় জেলার ১৩৫টি পাড়া, ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৪ হাজার ১০০টি পরিবারের মাঝে মোট ৩৫ হাজার ঔষধি, ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
এ উপলক্ষে জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে ইআরআরডি-সিএইচটি প্রকল্পের করলিয়া কম্পোনেন্টের জেলা কর্মকর্তা শহীদ নেওয়াজ নিশান উপকারভোগীদের হাতে চারা তুলে দেন।
আয়োজকরা জানান, পাহাড়ি অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় জনগণের জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, মাটির ক্ষয় ও পাহাড়ধসের ঝুঁকি হ্রাস এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও জানান, জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, পাড়াভিত্তিক সম্প্রদায় এবং সাধারণ মানুষের মধ্যে পর্যায়ক্রমে বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে পাহাড়ি এলাকায় সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।