ভারতীয়দের জন্য ভিসা সুবিধা বাতিল করল ইরান

ভারতীয়দের জন্য ভিসা সুবিধা বাতিল করল ইরান

ভারতীয়দের জন্য ভিসা সুবিধা বাতিল করল ইরান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা সুবিধা বাতিল করেছে ইরান। এর ফলে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আগের মতো ভিসামুক্ত বা সহজ প্রবেশের সুযোগ আর থাকছে না। শুধু ইরানই নয়, চলতি বছরে বলিভিয়া, কেপ ভার্দে এবং নিকারাগুয়াও ভারতীয় নাগরিকদের জন্য তাদের ভিসা ও প্রবেশ নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী ভারতের পাসপোর্টের অবস্থান ৭৫তম থেকে নেমে ৮১তম স্থানে এসেছে। বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা বিশ্বের ৫৫টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পাচ্ছেন, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ৫৭টি।

ইরান ২০২৫ সালের নভেম্বর থেকে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড় বা ভিসা মওকুফ সুবিধা স্থগিত করেছে। এর আগে ভারতীয় নাগরিকরা পূর্বানুমোদন ছাড়াই দেশটিতে ভ্রমণের সুযোগ পেতেন। নতুন সিদ্ধান্তের ফলে এখন ভ্রমণের আগে নিয়ম অনুযায়ী ভিসা সংগ্রহ করতে হবে।

লাতিন আমেরিকার দেশ বলিভিয়াও অন-অ্যারাইভাল ভিসা ব্যবস্থা বাতিল করেছে। দেশটি এখন সম্পূর্ণ ই-ভিসা পদ্ধতি চালু করেছে। ফলে ভারতীয় নাগরিকদের ভ্রমণের আগে অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং অনুমোদন পাওয়ার পরই যাত্রা করা যাবে।

অন্যদিকে, কেপ ভার্দে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ভারতসহ ৯৬টি দেশের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বন্ধ করেছে। আগে অনলাইনে নির্ধারিত ফি পরিশোধ করে বিমানবন্দরে পৌঁছেই ভিসা নেওয়া গেলেও, বর্তমানে বৈধ ভিসা ছাড়া দেশটিতে প্রবেশের সুযোগ নেই।

এ ছাড়া নিকারাগুয়া ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে নতুন অভিবাসন নীতি কার্যকর করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ভারতীয় পাসপোর্টধারীদের ‘ক্যাটাগরি সি’ বা কনসালটেড ভিসা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে দেশটিতে ভ্রমণের আগে নিকারাগুয়ার অভিবাসন কর্তৃপক্ষের কাছ থেকে আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক হয়েছে।

পর্যটন ও অভিবাসন বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন দেশের ভিসা ও ইমিগ্রেশন নীতিতে দ্রুত পরিবর্তন আসছে। তাই আন্তর্জাতিক ভ্রমণের পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ ভিসা নীতিমালা যাচাই করে নেওয়াই সবচেয়ে নিরাপদ ও কার্যকর পদক্ষেপ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *