লামায় পাহাড় কাটা বন্ধের দাবিতে থানায় অভিযোগ, তদন্তের আশ্বাস পুলিশের

লামায় পাহাড় কাটা বন্ধের দাবিতে থানায় অভিযোগ, তদন্তের আশ্বাস পুলিশের

লামায় পাহাড় কাটা বন্ধের দাবিতে থানায় অভিযোগ, তদন্তের আশ্বাস পুলিশের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের লামা পৌরসভার একটি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকিতে পড়ার অভিযোগ তুলে অবৈধভাবে পাহাড় কাটা ও ড্রেন নির্মাণ বন্ধের দাবিতে লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক যুবক।

রোববার (২৬ জুলাই) লামা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুড়ালিয়ারটেক এলাকার বাসিন্দা মো. ইউনূস (২৩) বাদী হয়ে লামা থানায় এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, লামা থানাধীন ২৯৩ নম্বর ছাগলখাইয়া মৌজার আর/৫৯১ নম্বর হোল্ডিংভুক্ত জমি তার নানার নামে রেকর্ডভুক্ত। ওই জমিতে তাদের পরিবারের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।

বাদীর দাবি, পার্শ্ববর্তী জমিতে স্থানীয় মো. হাবিব (৫০), আব্দুল্লাহ (৩০), বশির (৪৫), মঞ্জুরা (৩৫) এবং অজ্ঞাত আরও ৪-৫ জন পাহাড় কেটে ড্রেন নির্মাণের কাজ করছেন। এতে তাদের বসতবাড়ি ও দোকানঘর ধসে পড়া কিংবা মারাত্মক ক্ষতির আশঙ্কা সৃষ্টি হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, রোববার সকালে পুনরায় পাহাড় কেটে ড্রেন নির্মাণের কাজ শুরু হলে মো. ইউনূস বাধা দেন। কিন্তু অভিযুক্তরা কাজ চালিয়ে যান। এ সময় প্রতিবাদ করায় তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে নিজের ও পরিবারের নিরাপত্তা এবং সম্পত্তি রক্ষার্থে তিনি চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো. হাবিব বলেন, “আমার জমির ড্রেনের ময়লা পরিষ্কার করতে গেলে তারা বাধা সৃষ্টি করে। আমি বিষয়টির সুষ্ঠু সমাধান চাই।”

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার হামিদ বলেন, “অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে স্থানীয়রা বলছেন, বর্ষা মৌসুমে পাহাড় কাটার ফলে ভূমিধসের ঝুঁকি বেড়ে যায়। তাই এ ধরনের অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *