জলবায়ু মোকাবিলায় সেনাবাহিনীর লংগদু জোনের সবুজ অভিযান, শিক্ষার্থীদের মাঝে ৯ হাজার চারা বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটির লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৯ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
রোববার (২৬ জুলাই) লংগদু সরকারি মডেল কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের বার্তা দেওয়া হয়। এতে স্থানীয় বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ।
তিনি বলেন, ‘আজকের একটি চারা আগামী দিনের একটি পরিণত বৃক্ষ। একটি বৃক্ষ মানেই নির্মল বাতাস, নিরাপদ পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ করে এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করে, তবে দেশব্যাপী ইতিবাচক পরিবেশগত পরিবর্তন সম্ভব।’

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ। এ ধরনের কর্মসূচি তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং দেশপ্রেম বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিতরণ করা চারাগুলো নিজ নিজ বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় রোপণ এবং নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করেন।
লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করতে ভবিষ্যতেও এ ধরনের জনসম্পৃক্ত উদ্যোগ ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।