কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ আটক ৩
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।
সোমবার (২৭ জুলাই) র্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন, উখিয়া উপজেলার কাঠাল বাগানপাড়ার নুরুল হাকিম (২৮), উত্তর পাতাবাড়ি এলাকার মো. ইদ্রিস (৪৮) এবং মধুরছড়া পোলিয়াপাড়ার শামসুল আলম (২৪)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ১টা ১০ মিনিটের দিকে র্যাব-১৫-এর সিপিসি-২-এর একটি আভিযানিক দল উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উখিয়া দক্ষিণ স্টেশন এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে চালক ও আরোহীরা সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন। তাদের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৫০টি এয়ারটাইট পলিপ্যাকেটে রাখা ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
র্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধার হওয়া ইয়াবা, জব্দ করা সিএনজি অটোরিকশা এবং অন্যান্য আলামতসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।