রাঙামাটির কাপ্তাই লেকে অভিযানে ৩৩ হাজার বর্গফুট জাল জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই লেকে অবৈধ মাছ শিকারবিরোধী বিশেষ অভিযানে একটি ইঞ্জিনচালিত নৌকা, দুটি সাধারণ কাঠের নৌকা এবং প্রায় ৩৩ হাজার বর্গফুট নিষিদ্ধ জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টা থেকে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত বিলাইছড়ি উপজেলার ফারুয়া এলাকার কাপ্তাই লেকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিএফডিসির কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক মো. জসিম উদ্দিন। তিনি জানান, কাপ্তাই লেকের প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং অবৈধভাবে মাছ আহরণ বন্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযান চলাকালে একটি ইঞ্জিনচালিত নৌকা, দুটি সাধারণ কাঠের নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ১৫ হাজার বর্গফুট কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত নৌকা ও জাল বিএফডিসির হেফাজতে রাখা হয়েছে।
বিএফডিসি সূত্র জানায়, কাপ্তাই লেকে অবৈধ জাল ব্যবহার ও নিষিদ্ধ সময়ে মাছ শিকার বন্ধে নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে। লেকের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও আরও জোরালোভাবে অভিযান পরিচালনা করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কাপ্তাই লেক দেশের অন্যতম বৃহৎ মিঠাপানির জলাধার। এ লেকের প্রাকৃতিক মৎস্যসম্পদ টিকিয়ে রাখতে অবৈধ মাছ শিকার ও নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ। তাই জেলেদের আইন মেনে মাছ আহরণের আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।