মারা গেছেন ভারতের সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল বিশ্বনাথ শর্মা শুক্রবার ৯৬ বছর বয়সে মারা গেছেন। তিনি ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশটির সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। শনিবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে প্রতিবেদনে কোনো তথ্য জানানো হয়নি।
জেনারেল বিশ্বনাথ শর্মা ছিলেন মেজর সোমনাথ শর্মার ছোট ভাই। মেজর সোমনাথ শর্মা ছিলেন ভারতের সর্বোচ্চ যুদ্ধকালীন সামরিক সম্মাননা পরমবীর চক্রে ভূষিত প্রথম সেনাসদস্য। ১৯৪৭-৪৮ সালের কাশ্মীর অভিযানে অসাধারণ সাহসিকতার জন্য পরমবীর চক্রে ভূষিত চার সেনা বীরের একজন ছিলেন মেজর সোমনাথ শর্মা। অন্য তিনজন হলেন- ল্যান্স নায়েক করম সিং, সেকেন্ড লেফটেন্যান্ট রামা রাঘোবা রানে এবং নায়েক যদুনাথ সিং।
দেহরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমির সাবেক শিক্ষার্থী জেনারেল বিশ্বনাথ শর্মা ১৯৫০ সালের জুনে ১৬ লাইট ক্যাভালরিতে কমিশন লাভ করেন। সাবেক এই সেনাপ্রধানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘প্রাক্তন সেনাপ্রধান জেনারেল বিশ্বনাথ শর্মার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন বিশিষ্ট সামরিক নেতা হিসেবে জেনারেল শর্মা অবিচল নিষ্ঠা, সাহস এবং সম্মানের সাথে দেশের সেবা করেছেন। তিনি তার বড় ভাই মেজর সোমনাথ শর্মা, পিভিসি-সহ তার পরিবারের গৌরবময় ঐতিহ্যকে অত্যন্ত দক্ষতার সাথে এগিয়ে নিয়ে গেছেন।’
১৯৩০ সালের ৪ জুন জন্মগ্রহণকারী জেনারেল শর্মা এমন একটি পরিবার থেকে এসেছিলেন, যে পরিবারটি দুই প্রজন্ম ধরে সশস্ত্র বাহিনীতে কর্মরত ছিল এবং ওই পরিবার থেকে তিনজন জেনারেল হন। জেনারেল বিশ্বনাথ শর্মার মৃত্যুতে ভারতীয় সেনাবাহিনীও তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে।
ভারতীয় সেনাবাহিনী এক্সে দেওয়া এক বার্তায় তাকে ‘একজন বিশিষ্ট সেনা ও দূরদর্শী সামরিক নেতা’ হিসেবে উল্লেখ করে বলেছে, জেনারেল বিশ্বনাথ শর্মা তার জীবন দেশের সেবায় উৎসর্গ করেছিলেন। স্বাধীন ভারতের প্রথম পরমবীর চক্রপ্রাপ্ত মেজর সোমনাথ শর্মার ছোট ভাই হিসেবে তিনি পরিবারের অসাধারণ সাহস ও নিঃস্বার্থ সেবার ঐতিহ্যকে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে ধরে রেখেছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।