কানাডা থেকে ছয় মাসে ৩৩২৩ ভারতীয় নাগরিক বহিষ্কার
![]()
জার্নাল প্রতিবেদক
চলতি বছরের প্রথম ছয় মাসেই কানাডা থেকে ৩ হাজার ৩২৩ ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছে। সরকারি তথ্য বলছে, এই সংখ্যা পুরো ২০২৫ সালে বহিষ্কৃত ভারতীয় নাগরিকের সংখ্যার প্রায় ৮৮ শতাংশ।
কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি—সিবিএসএর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটি থেকে মোট ৩ হাজার ৭৭৯ ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছিল। ওই বছর এটিই ছিল সর্বোচ্চ সংখ্যা। তবে ২০২৬ সালের প্রথমার্ধেই সেই সংখ্যার প্রায় কাছাকাছি পৌঁছে গেছে বহিষ্কারের সংখ্যা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, কানাডা বর্তমানে অভিবাসন নীতি আরও কঠোর করছে। একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থী, অস্থায়ী বিদেশি কর্মীসহ দেশটিতে থাকা অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিবাসন নীতি লঙ্ঘন, আশ্রয় বা শরণার্থী আবেদন প্রত্যাখ্যান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কানাডায় অবস্থান এবং ভিসা জালিয়াতিসহ বিভিন্ন কারণে ভারতীয় নাগরিকদের বহিষ্কার করা হচ্ছে।
চলতি বছরের প্রথম ছয় মাসে বহিষ্কারের দিক থেকে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিকের নাম উঠে এসেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। এ সময়ে দেশটির ১ হাজার ৫৭৩ নাগরিককে কানাডা থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে টানা পাঁচ বছর এই তালিকার শীর্ষে ছিল মেক্সিকো, আর ভারত ছিল দ্বিতীয় অবস্থানে।
শুধু বহিষ্কার নয়, কানাডা থেকে বহিষ্কারের অপেক্ষায় থাকা ব্যক্তিদের তালিকাতেও ভারতীয়রা সবচেয়ে বড় গোষ্ঠী। সিবিএসএর তথ্য অনুযায়ী, বর্তমানে ৭ হাজার ৬৬৯ ভারতীয় নাগরিক বহিষ্কার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
এদিকে, চলতি বছর কানাডা থেকে ভারতে ফেরত পাঠানো ভারতীয় নাগরিকের সংখ্যা যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো নাগরিকের তুলনায় আড়াই গুণেরও বেশি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২২ জুলাই পর্যন্ত ২০২৬ সালে যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ২৭৩ ভারতীয় নাগরিককে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।