খাগড়াছড়িতে অবসর ও কল্যাণ সুবিধা পাচ্ছেন ৬৪ এমপিওভুক্ত শিক্ষক
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়িতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সঙ্গে যুক্ত হয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাগড়াছড়ির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
অনুষ্ঠানে ওয়াদুদ ভূইয়া বলেন, শিক্ষকদের কল্যাণ নিশ্চিত করা হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা আর্থিকভাবে উপকৃত হলে তাদের জীবনে স্বস্তি আসবে। পাশাপাশি বর্তমানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরাও শিক্ষা প্রদানে আরও আগ্রহী হবেন।
এবার খাগড়াছড়ির ৬৪ জন অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পাচ্ছেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সিকদারসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।