কাপ্তাই হ্রদের বুকে ১৪ কিলোমিটার সাঁতার, সুবলং চ্যানেল প্রতিযোগিতায় অংশ নিলেন ৩৫ জন
![]()
জার্নাল প্রতিবেদক
দুই পাশে সবুজ পাহাড়, মাঝখানে বিস্তীর্ণ কাপ্তাই হ্রদের শান্ত জলরাশি। সেই জলরাশি পেরিয়ে ১৪ কিলোমিটার সাঁতরে শহরের উন্নয়ন বোর্ড ঘাটে পৌঁছানোর চ্যালেঞ্জে অংশ নিলেন দেশের বিভিন্ন জেলার ৩৫ জন সাঁতারু। পানির প্রতি ভয় কাটানো, নতুন সাঁতারু তৈরি এবং তরুণ সমাজকে সাঁতারে উৎসাহিত করার লক্ষ্যে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে ‘সুবলং চ্যানেল সিজন-২’ সাঁতার প্রতিযোগিতা।
শনিবার জেলা প্রশাসনের আয়োজনে কাপ্তাই হ্রদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে প্রতিযোগীদের নিয়ে বোটের বহর সুবলং বাজারের উদ্দেশে রওনা হয়। পরে সুবলং ঘাট থেকে কাপ্তাই হ্রদে ঝাঁপ দেন সাঁতারুরা। পাহাড়ঘেরা হ্রদের বুক চিরে সাঁতরে ১৪ কিলোমিটার দূরের রাঙামাটি শহরের উন্নয়ন বোর্ড ঘাটে পৌঁছান তাঁরা। দীর্ঘ এ প্রতিযোগিতায় পুরুষদের পাশাপাশি নারীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে দুই নারীসহ মোট ৩৫ জন সাঁতারু অংশ নেন। তাঁদের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে ফিনিশ লাইনে পৌঁছাতে সক্ষম হন ২০ জন।
প্রতিযোগিতা শেষে সফল সাঁতারুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থান অধিকারীকে ২৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ১৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া সাঁতারু মোছা. মরিয়ম আক্তার বলেন, তিনি ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় ছোট পরিসরের সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তবে বদ্ধ জলাশয়ে এটি ছিল তাঁর প্রথম অভিজ্ঞতা। সাঁতারটি কঠিন হলেও অভিজ্ঞতা ভালো ছিল জানিয়ে তিনি বলেন, বড় বড় পাহাড়ের মাঝখান দিয়ে সাঁতরে গন্তব্যে পৌঁছাতে পেরেই তিনি সন্তুষ্ট।

আরেক প্রতিযোগী মো. রাব্বী বলেন, দুই পাহাড়ের মাঝখানে এমন হ্রদের পানিতে সাঁতার কাটার অভিজ্ঞতা অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর। চারপাশের বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে সাঁতার শেষ করার অভিজ্ঞতাকে তিনি অসাধারণ বলে উল্লেখ করেন।
রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, পানির প্রতি ভয় কাটানো, দেশে নতুন সাঁতারু তৈরি এবং তরুণ সমাজকে সাঁতারের প্রতি আকৃষ্ট করতেই এ আয়োজন করা হয়েছে। সাঁতারকে শুধু খেলাধুলা বা প্রতিযোগিতা হিসেবে না দেখে জীবনরক্ষাকারী দক্ষতা বা লাইফ স্কিল হিসেবে সবার আয়ত্ত করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।