পর্যটন নগরী বান্দরবানকে সুন্দর রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: সাচিং প্রু জেরী
![]()
জার্নাল প্রতিবেদক
পর্যটন নগরী বান্দরবানকে আরও আকর্ষণীয় ও পরিচ্ছন্ন করে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
তিনি বলেন, ভৌগোলিক বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সংস্কৃতির কারণে বান্দরবানে দেশি-বিদেশি পর্যটকদের আগমন দিন দিন বাড়ছে। পর্যটকদের কাছে বান্দরবানকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে হলে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি শহর ও পর্যটনকেন্দ্রগুলোর পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
শনিবার (১৫ আগস্ট) সকালে বান্দরবান বাসস্টেশন এলাকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) আয়োজিত বিভিন্ন ঝিরি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাচিং প্রু জেরী বলেন, “বান্দরবান একটি পর্যটন জেলা। এই জেলার প্রতিটি হোটেল-মোটেল, পর্যটকবাহী যানবাহন এবং পর্যটননির্ভর ব্যবসাপ্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীলভাবে পরিচালনা করতে হবে। পর্যটকরা যেন পরিচ্ছন্ন পরিবেশে পর্যটনকেন্দ্রগুলো ঘুরে দেখতে পারেন এবং হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় নিরাপদ খাবার গ্রহণ করতে পারেন, সে বিষয়েও সংশ্লিষ্টদের বিশেষ গুরুত্ব দিতে হবে।”

তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগে পরিচ্ছন্ন বান্দরবান গড়ে তোলা সম্ভব নয়। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থা, স্থানীয় উদ্যোক্তা, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হতে হবে। পর্যটনকেন্দ্রের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
পরে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বান্দরবান বাসস্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি ঝিরি থেকে সাংগু নদীর বিভিন্ন পয়েন্টে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় আয়োজক ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা ঝিরি ও নদীর বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা অপসারণে অংশ নেন।
অনুষ্ঠানে বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান অফিসের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা করুণাময় বড়ুয়া এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, বান্দরবানের পরিবেশ ও জলাধারগুলোকে পরিচ্ছন্ন রাখা এবং স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যেই এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয়দের মতে, নিয়মিতভাবে এমন উদ্যোগ পরিচালিত হলে বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার পাশাপাশি পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় ও নিরাপদ পরিবেশ তৈরি হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।