মহালছড়িতে ৪২ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, সাবেক ইউপি সদস্য আটক
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির মহালছড়িতে যৌথ অভিযানে ৪২ পিস ইয়াবা ও নগদ ৩ হাজার ৭০০ টাকাসহ আবুল কালাম মিয়া (৭০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। তিনি মহালছড়ি সদর ইউনিয়নের চৌংড়াছড়ি ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বলে জানা গেছে।
রোববার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের লেমুছড়ি বটতলা-বদানালার মাঝামাঝি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক আবুল কালাম মিয়া চৌংড়াছড়ি গুচ্ছগ্রামের মৃত মনির উদ্দিন শেখের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী ও মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মির্জা জহির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আবুল কালাম মিয়াকে আটক করা হয়। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে ৪২ পিস ইয়াবা ও নগদ ৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আটকের পর উদ্ধার করা মাদক ও টাকা জব্দ করা হয়েছে।
আবুল কালাম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মহালছড়ি উপজেলা প্রশাসন ও থানা কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাশেখ হাসিনাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।