কাপ্তাই হ্রদে ছেলেকে বাঁচিয়ে নিখোঁজ বাবা, ১৬ ঘণ্টা পর মিলল মরদেহ
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির লংগদুতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ সালাম মিয়ার (২৮) মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিজের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে তিনি পানিতে তলিয়ে যান।
রোববার বিকেল ৪টার দিকে উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। সোমবার সকালে কাপ্তাই হ্রদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সালাম মিয়া মাইনী বাজার থেকে নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ ঝড় শুরু হলে কাপ্তাই হ্রদ উত্তাল হয়ে ওঠে। একপর্যায়ে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়।
এ সময় নিজের শিশুসন্তানকে বাঁচাতে তাকে আঁকড়ে ধরে সাঁতরে তীরে ওঠার চেষ্টা করেন সালাম। পরে ঘটনাস্থলে একটি ট্রলার পৌঁছে শিশুটিকে সালামের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে প্রচণ্ড ঢেউয়ের মধ্যে সালাম পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি লংগদু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ ১৬ ঘণ্টা অভিযান চালানোর পর সোমবার সকালে কাপ্তাই হ্রদ থেকে সালাম মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
লংগদু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা হেলাল উদ্দিন চৌধুরী বলেন, স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ অভিযান চালিয়ে সালাম মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রশাসনিক কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সালামের মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আকস্মিক ঝড়ের সময় কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাশেখ হাসিনাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।