কাউখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি
![]()
জার্নাল প্রতিবেদক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে রাঙামাটির কাউখালীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে গাউছিয়া কমিটি কাউখালী উপজেলা শাখা ও তাহেরীয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদ্রাসার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে তাহেরীয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে হাজারো আশেকে রাসুলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন বয়সী মানুষ এতে অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় অংশগ্রহণকারীরা ধর্মীয় বিভিন্ন স্লোগান দেন। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ এবং ‘ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (সা.)’ স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
পরে গাউছিয়া কমিটি কাউখালী উপজেলা শাখার সভাপতি মো. ইসহাকের সভাপতিত্বে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন গাউছিয়া কমিটি রাঙ্গুনীয়া উপজেলা উত্তর শাখার সহসভাপতি ওয়াকিল আহাম্মদ, রাজানগর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. দিদারুল আলমসহ সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, মাহে রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আগমনের মাস। এ মাস মুসলিম উম্মাহর জন্য ভালোবাসা, সম্প্রীতি, মানবিকতা ও নৈতিকতার শিক্ষা ধারণ করার গুরুত্বপূর্ণ সময়। মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।
তারা আরও বলেন, বিভেদ-বৈষম্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা তরুণদের মহানবী (সা.)-এর সুমহান আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অনুসরণ করে জীবন গড়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।