কক্সবাজারে ঢেউয়ের কবলে পড়ে ফিশিং ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের পর্যটক শিশু নিখোঁজ
![]()
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের বঙ্গোপসাগরে বড় ঢেউয়ের কবলে পড়ে নিউজিল্যান্ডের একটি পরিবারের সদস্যদের বহনকারী ফিশিং ট্রলার দ্বিখণ্ডিত হয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় স্থানীয় জেলেরা তিনজনকে জীবিত উদ্ধার করলেও এখনো এক শিশু নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরের দিকে কক্সবাজার শহরের নাজিরারটেক চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কক্সবাজারে ট্রলার ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ জন উদ্ধার এবং এক শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ডের ওই পরিবারের সদস্যরা গত কয়েকদিন ধরে কক্সবাজার ও সংলগ্ন এলাকায় ভ্রমণ করছিলেন। মঙ্গলবার একটি ফিশিং ট্রলারে করে সাগরে যাওয়ার সময় উত্তাল সমুদ্রে বড় ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি দ্বিখণ্ডিত হয়ে যায়।
দুর্ঘটনার পর কাছাকাছি থাকা স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। তারা দুজন পুরুষ ও একজন নারীকে জীবিত উদ্ধার করেন। তবে এক শিশু পানিতে পড়ে নিখোঁজ রয়েছে।
খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে স্থানীয় জেলেদের সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরাও কাজ করছেন।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তাদের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ শিশুটির সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় উদ্ধার হওয়া তিনজনকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা করছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ আলী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।