আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোকে নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিক রুপম চাকমাকে হত্যার হুমকি

আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোকে নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিক রুপম চাকমাকে হত্যার হুমকি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

পাহাড়ের অপরাধ ও অনিয়ম নিয়ে সংবাদ না করতে চাপ, স্বাধীন মতপ্রকাশ নিয়ে উদ্বেগ

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়িতে দৈনিক নতুন সময়ের উপজেলা প্রতিনিধি সাংবাদিক রুপম চাকমাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পেশাগত দায়িত্ব পালনকালে পাহাড়ের বিভিন্ন অনিয়ম, অপরাধ ও আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের জেরে তাকে এ হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক।

এ ঘটনায় সাংবাদিক রুপম চাকমা ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

রুপম চাকমার অভিযোগ, +880 1632-559962 নম্বর থেকে ফোন করে তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়। একই সঙ্গে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে সংবাদ প্রকাশ এবং বাঘাইছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সংবাদ না করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়। এসব নির্দেশ অমান্য করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

সাংবাদিক রুপম চাকমা বলেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি বিভিন্ন অনিয়ম, অপরাধ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ করে আসছেন। পাশাপাশি পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর অপরাধমূলক কর্মকাণ্ড নিয়েও সংবাদ প্রকাশ করেছেন। এসব কারণে একটি চক্র তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে তাকে ভয়ভীতি দেখাচ্ছে বলে তিনি মনে করেন।

হুমকির জন্য ব্যবহৃত মোবাইল নম্বরটির পরিচয় যাচাই করতে স্থানীয়ভাবে অনুসন্ধান এবং কলার-আইডি শনাক্তকারী অ্যাপের তথ্য ব্যবহার করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এসব তথ্য ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলার ভিত্তিতে নম্বরটি প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের বাঘাইছড়ির সাবেক পরিচালক গঙ্গা বাবু ওরফে অক্ষয় চাকমার ব্যবহৃত নম্বর বলে জানা গেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ওই নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ওই ব্যক্তির বিরুদ্ধে অতীতে একটি নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে সামাজিকভাবে চাপের মুখে পড়ার কথা স্থানীয়ভাবে আলোচিত রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছেন বলে দাবি করা হচ্ছে।

আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোকে নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিক রুপম চাকমাকে হত্যার হুমকি
কলার-আইডি শনাক্তকারী অ্যাপের তথ্য

এদিকে, একজন পেশাদার সাংবাদিককে কোনো নির্দিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া এবং তা না মানলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগকে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের জন্য গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে দেখছেন স্থানীয় সাংবাদিকরা।

বিশেষ করে পাহাড়ের মতো সংবেদনশীল এলাকায় অপরাধ, অনিয়ম, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা যেকোনো সংগঠনের কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিক যদি ভয়ভীতি বা প্রাণনাশের হুমকির মুখে পড়েন, তাহলে তা শুধু ওই সাংবাদিকের নিরাপত্তার জন্য নয়, জনগণের জানার অধিকার এবং স্বাধীন মতপ্রকাশের পরিবেশের জন্যও হুমকি তৈরি করে।

স্থানীয় সাংবাদিকদের মতে, সংবাদ প্রকাশের বিষয়ে কারও আপত্তি থাকলে তার প্রতিকার হওয়া উচিত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিবাদ, ব্যাখ্যা বা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে। কোনো সাংবাদিককে ভয় দেখিয়ে বা প্রাণনাশের হুমকি দিয়ে সংবাদ প্রকাশ থেকে বিরত রাখার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সাংবাদিক রুপম চাকমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকির ঘটনায় ব্যবহৃত মোবাইল নম্বরটির প্রকৃত ব্যবহারকারী শনাক্ত, কলের তথ্য ও অন্যান্য প্রযুক্তিগত আলামত যাচাই এবং অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা।

তাদের ভাষ্য, একজন সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে পাহাড়ে সাংবাদিকরা যাতে কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি।

এ ঘটনায় কারা সরাসরি জড়িত এবং তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তবে সাংবাদিক রুপম চাকমার দাবি, হুমকির উদ্দেশ্য শুধু তাকে ভয় দেখানো নয়; বরং নির্দিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশ বন্ধ করে দেওয়া। অভিযোগটি সত্য হলে এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি চাপ সৃষ্টির একটি গুরুতর ঘটনা হিসেবে বিবেচিত হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed