আলীকদমে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের আলীকদমে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হাকিম (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) আলীকদম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলাটি করা হয়। পরে অভিযুক্ত আব্দুল হাকিমকে বান্দরবানের লামা থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিবাতলী পাড়া এলাকার ওই কিশোরীর সঙ্গে আব্দুল হাকিমের প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কের সূত্র ধরে আব্দুল হাকিম বিভিন্ন সময় কিশোরীকে নিয়ে বাইরে ঘুরতে যেতেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি জানতে পেরে কিশোরীর পরিবারের সদস্যরা তাকে শাসন করেন। এজাহারে আরও বলা হয়েছে, প্রায় সাত-আট মাস আগে আব্দুল হাকিম কিশোরীকে নিয়ে চকরিয়ায় চলে গিয়েছিলেন। পরে পরিবারের সদস্যরা তাকে সেখান থেকে বাড়িতে ফিরিয়ে আনেন।
এজাহারের বর্ণনা অনুযায়ী, গত ৩১ জুলাই কিশোরীর মা তার অসুস্থ ছোট ছেলেকে চিকিৎসার জন্য চকরিয়ায় নিয়ে যান। চিকিৎসা শেষে রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে ফিরে তিনি ঘরের ভেতর আব্দুল হাকিমকে কিশোরীর সঙ্গে দেখতে পান।
পরে মেয়ের কাছে বিষয়টি জানতে চাইলে কিশোরী অভিযোগ করে, বিয়ের প্রলোভন দেখিয়ে আব্দুল হাকিম তাকে জোরপূর্বক ধর্ষণ করেছেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর কিশোরীর পরিবারের পক্ষ থেকে আব্দুল হাকিমের বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। এজাহারে উল্লেখ করা হয়েছে, তারা কিশোরীর সঙ্গে আব্দুল হাকিমের বিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
তবে পরদিন আব্দুল হাকিম কাউকে কিছু না জানিয়ে অন্যত্র চলে যান বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে তার পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো সমাধান না হওয়ায় কিশোরীর মা আলীকদম থানায় লিখিত অভিযোগ করেন।
আলীকদম থানার সাব-ইন্সপেক্টর উপন বড়ুয়া বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে আব্দুল হাকিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি আলীকদম থানার মামলা নম্বর-০৪, তারিখ ১৪ আগস্ট ২০২৬।
তিনি জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলাটি করা হয়েছে। পরে বান্দরবানের লামা থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি আব্দুল হাকিমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।