নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচরে দুর্গম এলাকার দরিদ্র পরিবারের বেকার তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে জেন্ডার-সংবেদনশীল শিক্ষানবিশ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) নানিয়ারচর উপজেলা আরএইচডিসি রেস্ট হাউসের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের বাস্তবায়নে এবং ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের সহযোগিতায় কর্মসূচিটি পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের প্রগ্রেস প্রকল্পের অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প সমন্বয়কারী সুব্রত চাকমা, সাংবাদিক মেহরাজ হোসেন সুজন, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে বিউটি কেয়ার, মোমবাতি তৈরি, মোটরসাইকেল মেকানিক, সেলাই এবং বোট ইঞ্জিন মেকানিকসহ বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
আয়োজকরা জানান, মোট ১০ জন স্থানীয় প্রশিক্ষকের অধীনে ৩০ জন শিক্ষানবিশ এসব বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। দুর্গম এলাকার দরিদ্র পরিবারের বেকার তরুণ-তরুণীদের কর্মমুখী দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থান ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের মতে, দুর্গম পাহাড়ি এলাকার অনেক তরুণ-তরুণী শিক্ষাজীবন শেষ করেও পর্যাপ্ত কারিগরি দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগের অভাবে বেকার থাকেন। স্থানীয় চাহিদাভিত্তিক পেশায় প্রশিক্ষণ দেওয়া হলে তারা প্রশিক্ষণ শেষে নিজ উদ্যোগে কাজ শুরু করার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগও পেতে পারেন।
প্রশিক্ষণার্থীরা জানান, স্থানীয়ভাবে চাহিদা রয়েছে এমন বিভিন্ন পেশায় হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ পেয়ে তারা উৎসাহিত। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে ভবিষ্যতে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা বলছেন, দুর্গম এলাকার বেকার তরুণ-তরুণীদের কারিগরি দক্ষতা উন্নয়নের এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং তরুণদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।