বান্দরবানে বিজিবির অভিযানে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ১,৩৫৩ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার

বান্দরবানে বিজিবির অভিযানে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ১,৩৫৩ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার

বান্দরবানে বিজিবির অভিযানে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ১,৩৫৩ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সেগুন কাঠ, একটি পিকআপ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা কাঠের পরিমাণ ১ হাজার ৩৫২ দশমিক ৯২ ঘনফুট। এর আনুমানিক মূল্য ৫৯ লাখ ৫১ হাজার ৭২০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডারের নির্দেশনায় সেক্টর সদর দপ্তরের একটি বিশেষ টহল দল বান্দরবান সদর থানার আওতাধীন ওয়াইব্রোংপাড়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সেগুন কাঠ পড়ে থাকতে দেখে বিজিবির সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে ১ হাজার ৩৫২ দশমিক ৯২ ঘনফুট সেগুন কাঠের পাশাপাশি একটি পিকআপ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা কাঠের আনুমানিক মূল্য ৫৯ লাখ ৫১ হাজার ৭২০ টাকা। তবে অভিযানের সময় কাঠের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে কাঠগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

উদ্ধার করা সেগুন কাঠ বর্তমানে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বন বিভাগের কার্যালয়ের নিয়ন্ত্রণে রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে মূল্যবান কাঠ সংগ্রহ ও পাচারের কারণে একদিকে যেমন বনজ সম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ ধরনের অবৈধ কাঠ পাচার ঠেকাতে সীমান্তবর্তী ও দুর্গম এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ কাঠ পাচার, চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed