দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ভারতীয়দের
![]()
জার্নাল প্রতিবেদক
আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের ইলিশ আমদানিকারকেরা। বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে নিয়মিতভাবে ইলিশ রপ্তানির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে কলকাতাভিত্তিক ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।
ভারতের ইলিশ আমদানিকারকদের সংগঠনটি জানিয়েছে, ১৯৯৬ সাল থেকে তারা বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে আসছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের কাছে ইলিশ রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন তারা। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ ইলিশ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর থেকেই এ বিষয়ে তারা বিভিন্ন সময়ে আবেদন করে আসছে।
আমদানিকারকেরা জানান, অতীতে পশ্চিমবঙ্গের বেনাপোল স্থলবন্দর এবং ত্রিপুরার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করতেন তারা। চিঠিতে সংগঠনটি বলেছে, ‘১৯৯৬ সাল থেকে আমরা বেনাপোল এলসিএস (পশ্চিমবঙ্গ) এবং আখাউড়া এলসিএস (ত্রিপুরা) দিয়ে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির সঙ্গে যুক্ত।’
দুর্গাপূজার সময় সীমিত পরিসরে ইলিশ রপ্তানির সুযোগ দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছে সংগঠনটি। তাদের দাবি, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সরকার দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুমতির মাধ্যমে ইলিশ রপ্তানির সুযোগ দিতে শুরু করে। তবে এ ক্ষেত্রে মাত্র এক মাসের সময়সীমা নির্ধারণ করায় বাণিজ্যিকভাবে তা কার্যকর হচ্ছে না বলে দাবি আমদানিকারকদের।
ভারতের ইলিশ আমদানিকারকেরা বাংলাদেশ ও ভারতের দুই বাংলার দীর্ঘদিনের ভাষা, খাদ্য ও সাংস্কৃতিক সম্পর্কের কথাও তুলে ধরেছেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম ও ত্রিপুরাতেও ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে উল্লেখ করে তারা বলেন, পূর্ব ভারতের মানুষের কাছে ইলিশ একটি জনপ্রিয় ও বিশেষ পছন্দের খাবার।
বাংলাদেশ সরকারের প্রতি সরাসরি আবেদন জানিয়ে সংগঠনটি বলেছে, ইলিশ আমদানি বন্ধ থাকায় তারা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। তাই ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, ভারতের মানুষ, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ এ সিদ্ধান্তের জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ থাকবে।
দুর্গাপূজার আগে ভারতের পূর্বাঞ্চলে ইলিশের চাহিদা সাধারণত বেড়ে যায়। এ সময় বাংলাদেশি ইলিশের জন্য পশ্চিমবঙ্গের বাজারে বিশেষ আগ্রহ দেখা যায় বলে আমদানিকারকেরা দাবি করছেন।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে দুর্গাপূজা উপলক্ষে ভারতকে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাংলাদেশ। চলতি বছর সেপ্টেম্বর মাসে ভারতকে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।