পানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
![]()
জার্নাল প্রতিবেদক
ডেঙ্গু জ্বরের প্রকোপ রোধ, মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ এবং উপজেলা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে খাগড়াছড়ির পানছড়িতে শুরু হয়েছে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। এ উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে পানছড়ি উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন। অনুষ্ঠানে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, পানছড়ি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিডি ক্লিন পানছড়ির সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মী, স্কাউট সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবার আগে প্রয়োজন সচেতনতা ও বাড়ির আঙিনা পরিষ্কার রাখা। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি ও সবার সমন্বিত উদ্যোগে আমরা ডেঙ্গুমুক্ত পানছড়ি গড়ে তুলব।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ কিংবা মশক নিধন কার্যক্রমের ওপর নির্ভর করলে হবে না; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, পুরোনো টায়ার, ডাবের খোসা ও অন্যান্য স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় মশার বংশবিস্তার রোধে নিয়মিত মশক নিধন ও স্প্রে কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচারণা আরও জোরদারের আহ্বান জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ সময় সংশ্লিষ্টরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।