বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি প্রসূতি ও নবজাতক সেবা চালু
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানে জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি প্রসূতি ও নবজাতক সেবা চালু করা হয়েছে। এর ফলে এখন থেকে দিন-রাত যেকোনো সময় প্রসবকালীন জটিলতা, জরুরি প্রসূতি সেবা এবং নবজাতকের প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ তৈরি হলো। দুর্গম পাহাড়ি এলাকার গর্ভবতী নারী ও নবজাতকদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান মাম্যাচিং।
পরিবার পরিকল্পনা বিভাগের বান্দরবান কার্যালয়ের উপপরিচালক লেলিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং, সদস্য অ্যাডভোকেট উম্যাচিং, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. দিলীপ কুমার দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার বুলবুল আক্তার সেতু, পরিবার পরিকল্পনা বিভাগের বান্দরবান কার্যালয়ের সাবেক উপপরিচালক ডা. অং চালু, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. কামরুল মনির রিবন, গ্রিনহিল রাঙামাটি অফিসের প্রকল্প পরিচালক সাইলুমং, ইউএনএফপির প্রোগ্রাম অ্যানালিস্ট সামসুজ্জানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, বিশেষজ্ঞ চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সহযোগিতায় এবং গ্রিনহিলের বাস্তবায়নে ২৪ ঘণ্টার এই জরুরি প্রসূতি ও নবজাতক সেবা কার্যক্রম চালু করা হয়েছে। নতুন এ কার্যক্রমের আওতায় এখন থেকে মা ও নবজাতকের জরুরি স্বাস্থ্যসেবায় দিন-রাত নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বান্দরবানের ভৌগোলিক বাস্তবতায় দুর্গম পাহাড়ি এলাকার অনেক নারীকে জরুরি প্রসূতি সেবা নিতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। বিশেষ করে রাতের সময়ে প্রসবকালীন জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসা পাওয়া অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে জেলা সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু হওয়ায় গর্ভবতী নারী ও নবজাতকদের সময়মতো চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রসবকালীন জটিলতা মোকাবিলা, জরুরি প্রসূতি সেবা নিশ্চিত করা এবং নবজাতকের প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত দেওয়ার মাধ্যমে মা ও শিশুর মৃত্যুঝুঁকি কমানো এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করার মাধ্যমে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি কমাতে এ উদ্যোগ সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান মাম্যাচিং ২৪ ঘণ্টা জরুরি প্রসূতি ও নবজাতক সেবা চালুর উদ্যোগকে স্বাগত জানান এবং সংশ্লিষ্ট আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ জেলার মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বান্দরবানবাসীর স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে কাজ করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, পাহাড়ি জনপদে মা ও শিশুর জন্য জরুরি স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ২৪ ঘণ্টার এই সেবা চালু হওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় দুর্গম এলাকার গর্ভবতী নারী ও নবজাতকদের জন্য এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।