কাপ্তাইয়ে কর্ণফুলীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কাপ্তাইয়ে কর্ণফুলীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কাপ্তাইয়ে কর্ণফুলীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সীতার পাহাড় এলাকার পাথরঘাটা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৪০ ফুট দূরে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

নিহত সাদিজ শাহরিয়ার সানম নরসিংদীর রায়পুর থানার মামুদপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. নাছির উদ্দিন অবসরপ্রাপ্ত এএসপি। সাদিজ একজন কলেজছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা ও নরসিংদী এলাকা থেকে ১২ জনের একটি পর্যটক দল রোববার কাপ্তাইয়ের সীতার পাহাড় এলাকায় বেড়াতে আসে। দুপুরে বেড়ানো শেষে তাঁরা কর্ণফুলী নদীর পাথরঘাটা এলাকায় গোসল করতে নামেন। এ সময় সাদিজ নদীর পানিতে নামার পর একপর্যায়ে নিখোঁজ হন।

খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী ও ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে রাঙামাটি থেকে আরেকটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে অভিযানে যোগ দেয়। পাশাপাশি কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের ডুবুরি দল ও কাপ্তাই থানা-পুলিশ উদ্ধারকাজে সহযোগিতা করে।

কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান। পরে উদ্ধারকারী ও ডুবুরি দল নদীতে নিখোঁজ পর্যটকের সন্ধান শুরু করে। কর্ণফুলী নদীতে জোয়ারের স্রোত বেশি থাকায় উদ্ধারকাজে কিছুটা সমস্যা হচ্ছিল বলে জানান তিনি।

দীর্ঘ সময় ধরে তল্লাশির পর বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৪০ ফুট দূরে নদী থেকে সাদিজ শাহরিয়ার সানমের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল বলেন, বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নদী থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, হাসপাতালে তাঁকে মৃত অবস্থায় আনা হয়। পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম এবং কাপ্তাই থানার ওসি শেখ মো. মাহমুদুল হাসান রুবেল।

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণে আসা পর্যটকদের জন্য পানিতে নামার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা এ দুর্ঘটনার মধ্য দিয়ে আবারও সামনে এসেছে। বিশেষ করে নদীর স্রোত ও পানির গভীরতা সম্পর্কে নিশ্চিত না হয়ে পানিতে নামলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *