রাঙামাটিতে এনসিপির মিট দ্য প্রেস, উপজেলা-ইউপি নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষণা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটিতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলকে বিস্তৃত করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে আসন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী দেওয়ার কথাও জানিয়েছে দলটির রাঙামাটি জেলা শাখা।
সোমবার দুপুরে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেওয়া হয়। জেলা এনসিপির আহ্বায়ক প্রিয় চাকমার সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. শাহিদুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দলের সাংগঠনিক পরিকল্পনা ও স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কার্যক্রম নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন নেতারা।
জেলা আহ্বায়ক প্রিয় চাকমা বলেন, দ্রুত সময়ের মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তৃণমূল পর্যায়ে সাধারণ নাগরিকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো কেন্দ্রীয় পর্যায়ে তুলে ধরা এবং সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, এনসিপি উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী দেবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার পাশাপাশি নির্বাচনী রাজনীতিতে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

সম্প্রতি রাঙামাটি জেলা এনসিপির ছয় মাসের জন্য অনুমোদিত ৪৯ সদস্যের আহ্বায়ক কমিটিতে প্রিয় চাকমাকে আহ্বায়ক এবং মো. শাহিদুল ইসলাম খানকে সদস্যসচিব করা হয়েছে। নতুন কমিটির দায়িত্বের মধ্যে জেলার সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার বিষয়টি রয়েছে।
মিট দ্য প্রেসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলটির নেতারা। তারা জানান, দলের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
নেতারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় মানুষের সমস্যা ও প্রয়োজনগুলো চিহ্নিত করে সেগুলো নিয়ে কাজ করতে চায় এনসিপি। ওয়ার্ড থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সাংগঠনিক কাঠামো গড়ে তোলার মাধ্যমে দলের কার্যক্রমকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে তাদের।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দলের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক পরিকল্পনা ও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এনসিপির রাঙামাটি জেলার নেতারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।