পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরী হবে বান্দরবান: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
![]()
জার্নাল প্রতিবেদক
প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান শহরকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও সুসংগঠিত পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এমপি। এ লক্ষ্য বাস্তবায়নে শহরের বিভিন্ন এলাকার পরিবেশ, সড়ক, অবকাঠামো ও জনসেবার পরিস্থিতি সরেজমিনে দেখতে পরিচ্ছন্নতা ও সংস্কার বিষয়ক ঝটিকা পরিদর্শন করেছেন তিনি।
পরিদর্শনকালে শহরের ফায়ার সার্ভিস ও হাসপাতাল রোডসংলগ্ন সড়কের বিভিন্ন খানাখন্দ ও ভগ্নদশা দেখে দ্রুত মেরামতের নির্দেশ দেন মন্ত্রী। একই সঙ্গে ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা এলাকার চৌরাস্তা সংলগ্ন বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও আগাছা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি এবং তাৎক্ষণিকভাবে এসব পরিষ্কারের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বান্দরবান শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনের বিষয়টিও পরিদর্শনে গুরুত্ব পায়। এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সরকারি খাসজমি ও সড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠা উচ্ছেদযোগ্য স্থাপনা দ্রুত অপসারণ করে সংশ্লিষ্ট জায়গা দখলমুক্ত করার জন্য জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন পার্বত্য মন্ত্রী।
পরে মন্ত্রী সাচিং প্রু পৌরসভার রোয়াংছড়ি বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করেন। সেখানে সুপেয় পানির সংকট, অপরিচ্ছন্ন পরিবেশ, নিম্নমানের যাত্রীসেবা ও সামগ্রিক অব্যবস্থাপনা দেখে তিনি দুঃখ প্রকাশ করেন। যাত্রীসাধারণের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেন তিনি।
পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নাগরিক সুবিধা বাড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জনসেবামূলক অবকাঠামো গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। এর অংশ হিসেবে প্রধান ডাকঘরের কাছে থানচি বাসস্ট্যান্ড এবং রুমা বাস টার্মিনালসংলগ্ন পৃথক দুটি স্থানে আধুনিক ও পরিচ্ছন্ন পাবলিক টয়লেট নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়।
সংশ্লিষ্টরা বলছেন, পর্যটননির্ভর বান্দরবান শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষার পাশাপাশি সড়ক যোগাযোগ, পরিচ্ছন্নতা, পানি সরবরাহ, যাত্রীসেবা ও জনসাধারণের মৌলিক সুবিধা নিশ্চিত করা পর্যটকদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলো সংস্কার, অবৈধ দখল উচ্ছেদ এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা গেলে নগরীর সামগ্রিক পরিবেশ ও নাগরিক সেবার মানও উন্নত হতে পারে।
পরিদর্শনকালে বান্দরবান জেলার জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এস এম মনজুরুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসিন আরাফাতসহ জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি সংস্থা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মন্ত্রী সাচিং প্রু আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের সঠিক পরিকল্পনা এবং স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতায় দ্রুত বান্দরবান একটি পরিচ্ছন্ন, সুসংগঠিত ও মডেল পর্যটন নগরী হিসেবে গড়ে উঠবে। এজন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর পাশাপাশি স্থানীয় জনগণকেও নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।