জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে রাশিয়ার জোরালো সমর্থন
![]()
জার্নাল প্রতিবেদক
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছে রাশিয়া। শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এ সমর্থনের কথা জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। খবর এনডিটিভির।
নিরাপত্তা পরিষদে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান জানিয়ে লাভরভ বলেন, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব আরও বিস্তৃত করা প্রয়োজন। একই সঙ্গে ব্রাজিল ও ভারতের স্থায়ী সদস্যপদের প্রার্থিতার প্রতি সমর্থন জানান তিনি।
লাভরভ বলেন, ‘আমরা এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে। আমরা স্থায়ী সদস্যপদের জন্য ব্রাজিল ও ভারতের প্রার্থিতাকে সমর্থন করি।’
তবে নিরাপত্তা পরিষদে পশ্চিমা দেশগুলোর নতুন করে স্থায়ী আসন দেওয়ার বিরোধিতা করেন লাভরভ। বিশেষ করে জার্মানি ও জাপানের নাম উল্লেখ করে তিনি দাবি করেন, দেশ দুটি ‘সামরিকীকরণ ও প্রতিশোধপরায়ণতার পথে’ এগোচ্ছে।
তিনি বলেন, ‘নিরাপত্তা পরিষদের সংস্কারের অংশ হিসেবে পশ্চিমা দেশগুলোর জন্য কোনো অতিরিক্ত আসন বরাদ্দ করা উচিত নয়, বিশেষ করে জার্মানি ও জাপানের জন্য নয়। তারা এখন সামরিকীকরণ ও প্রতিশোধপরায়ণতার পথে রয়েছে।’
তবে নিরাপত্তা পরিষদের আধুনিকায়নের নামে এর বর্তমান স্থায়ী সদস্যদের মূল ক্ষমতা বা বিশেষ অধিকার খর্ব করা উচিত নয় বলেও সতর্ক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে শুধু রাশিয়াই নয়, মরিশাসও সমর্থন জানিয়েছে। সাধারণ পরিষদে দেওয়া ভাষণে মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফুল ভারতের প্রার্থিতার প্রতি স্পষ্ট সমর্থন জানান।
তিনি বলেন, ‘আমরা কাউন্সিল সংস্কার নিয়ে জি-৪ ও এল৬৯-এর অবস্থানকে সমর্থন করি। বৈশ্বিক কর্মকাণ্ডে ভারতের গঠনমূলক ভূমিকার সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি।’
বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ১৫টি দেশ। এর মধ্যে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই ৫টি দেশ স্থায়ী সদস্য এবং তাদের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। বাকি ১০টি দেশ দুই বছরের জন্য অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়।
নিরাপত্তা পরিষদের কাঠামো পরিবর্তন করতে জাতিসংঘ সনদ সংশোধন প্রয়োজন। এর জন্য সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন এবং সদস্য রাষ্ট্রগুলোর দুই-তৃতীয়াংশের আনুষ্ঠানিক অনুমোদন দরকার। পাশাপাশি পাঁচ স্থায়ী সদস্যের প্রত্যেকের অনুমোদনও প্রয়োজন।
রাশিয়া ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে অবস্থান অব্যাহত রাখলেও নিরাপত্তা পরিষদ সংস্কারের বিষয়টি এখনো অচলাবস্থায় রয়েছে। স্থায়ী সদস্যদের মধ্যে এ বিষয়ে মতপার্থক্য রয়েছে। রাশিয়ার ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার চীনও নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের বিরোধিতা করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।