রাঙামাটি জেনারেল হাসপাতালের স্যাম ইউনিটে সেবা সামগ্রী হস্তান্তর
![]()
জার্নাল প্রতিবেদক
গুরুতর তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা আরও জোরদার করতে রাঙামাটি জেনারেল হাসপাতালের স্যাম (SAM) ইউনিটের জন্য প্রয়োজনীয় লজিস্টিকস ও সেবা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
সোমবার রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সেবার প্রাপ্যতা ও ব্যবহার প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
হেলেন কেলার ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের বাস্তবায়নে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর। এ সময় আরও উপস্থিত ছিলেন আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রতিনিধি মং বাথুই মারমা, প্রকল্প সমন্বয়কারী হিল্লোল চাকমা, উপজেলা সমন্বয়কারী সজল তঞ্চঙ্গ্যা, সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
সংশ্লিষ্টরা জানান, হস্তান্তর করা লজিস্টিকস ও সেবা সামগ্রী স্যাম ইউনিটের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, গুরুতর তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের নিবিড় পর্যবেক্ষণ এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে পার্বত্যাঞ্চলের দুর্গম ও প্রান্তিক এলাকার অপুষ্টিতে আক্রান্ত শিশুদের যথাযথ পরিচর্যা ও নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এসব সামগ্রী গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে।
তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের অনেক সময় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে নানা ধরনের সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। হাসপাতালের স্যাম ইউনিটের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে এসব শিশুকে আরও নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনার সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্টদের আশা, এই যৌথ উদ্যোগের ফলে রাঙামাটি জেনারেল হাসপাতালের স্যাম ইউনিটের সেবাদানের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি পার্বত্যাঞ্চলের সুবিধাবঞ্চিত ও অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও সুদৃঢ় হবে।
আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে জানানো হয়, হেলেন কেলার ইন্টারন্যাশনালের সহযোগিতায় রাঙামাটি জেলার দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় স্যাম ইউনিটের জন্য প্রয়োজনীয় লজিস্টিকস ও সেবা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।