মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ, দায় অস্বীকার হুথিদের
![]()
জার্নাল প্রতিবেদক
ইসলামের অন্যতম পবিত্র নগরী মদিনায় একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলার অভিযোগ উঠেছে। সৌদি নেতৃত্বাধীন জোট এ হামলার জন্য ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের দায়ী করেছে। তবে অভিযোগ অস্বীকার করে এটিকে ‘মিথ্যা’ বলে দাবি করেছে হুথিরা।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলার ঘটনা ঘটে। ওই কেন্দ্র থেকে পবিত্র মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। হামলায় একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে পড়লেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল ছিল।
সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, ঘটনার তদন্ত এবং হামলায় ব্যবহৃত ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে তারা নিশ্চিত হয়েছে যে এর পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে হুথিরা জড়িত।
তবে হুথিদের পরিচালিত সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে গোষ্ঠীটির এক সামরিক কর্মকর্তা সৌদি জোটের এই দাবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, মক্কায় হুথিদের হামলার অভিযোগের পক্ষে সৌদি আরব প্রমাণ দিতে না পারায় বিষয়টি আড়াল করতেই মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ সামনে আনা হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোট বলছে, মদিনার ঘটনাটি মক্কার মসজিদুল হারাম ও মসজিদে নববীকে লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলার প্রচেষ্টার অংশ। তাদের দাবি, এ ধরনের হামলার মাধ্যমে বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পবিত্র স্থান ও মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রাখার কথাও জানিয়েছে জোটটি।
এর মধ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) সৌদি জোট জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইতের আকাশে হুথিদের ছোড়া চারটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। একই সময়ে খামিস মুশাইত ও দক্ষিণাঞ্চলের আরেক শহর জাজানের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও শনাক্ত ও ধ্বংস করার দাবি করা হয়।
সৌদি আরবে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যেই ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের বিভিন্ন এলাকায় হুথিদের সঙ্গে তীব্র সংঘর্ষ হয়েছে। এতে হুথিদের কয়েক ডজন যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে তারা।
ইয়েমেনের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, গত বুধবার সন্ধ্যায় তাইজের পশ্চিমাঞ্চলের জাবাল হাবাশি ও মাকবানাহ এলাকায় এবং দক্ষিণ-পূর্বের আল-মাসরাখ জেলার আল-আকরুদ ফ্রন্টে হুতিরা ব্যাপক গোলাবর্ষণ শুরু করে।
সৌদি সমর্থিত বাহিনী সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, শুধু আল-আকরুদ ফ্রন্টেই অন্তত ৩০ হুতি যোদ্ধা নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, তাইজের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের মাকবানাহ এলাকার হুমাইর ফ্রন্টে ছয়টি বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় হুথিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী।
এদিকে ইয়েমেনে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়তে থাকায় তাদের বড় একটি অংশ তাইজ প্রদেশে আশ্রয় নিচ্ছে বলে সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে।
ইয়েমেনের অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের শিবির ব্যবস্থাপনা ইউনিটের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত দেশটিতে ১ লাখ ৯৭ হাজার ৯০৬ জন বাস্তুচ্যুত মানুষের নাম সরকারি হিসাবে নিবন্ধিত হয়েছে। তাদের মধ্যে পরিবার রয়েছে ২৯ হাজার ৫১৯টি।
তাইজ প্রদেশেই ৯৭ হাজারের বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহিজ প্রদেশ, যেখানে ৫০ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।