ভারত ছাড়ার ঘোষণা পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ূন কবিরের
![]()
জার্নাল প্রতিবেদক
ভারত ছাড়ার ঘোষণা দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া বিধায়ক হূমায়ুন কবির। মূলত রাজ্যের রেজিনগর বিধানসভার উপনির্বাচনে ছেলের পরাজয়ের পর ভারত ছেড়ে দুবাইয়ে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
২০২৫ সালের নভেম্বরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের ঘোষণা দেন বিধায়ক হুমায়ুন কবীর। পরে ওই বছরের ৬ ডিসেম্বর সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
রেজিনগরের উপনির্বাচনে পরাজিত হন হূমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ। ভোটগণনা শুরু হতে ক্রমশ পিছিয়ে পড়তে থাকেন আজাদ। শেষ পর্যন্ত ৭২ হাজার ৭১০ ভোটে পরাজিত হন তিনি।
এদিকে, ছেলের পরাজয়ের পর দুবাইতে গিয়ে শেষ নিশ্বাস ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেন হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, ২০২৯ সালের পর তিনি দুবাই চলে যাবেন ও সেখানেই থাকবেন।
হুমায়ূন কবির বলেন, যে কটা দিন বাঁচবো, দুবাইতে গিয়ে শান্তিতে খাবো-দাবো, ঘুরবো। সেখানেই কবরস্থ হবো বলে ঠিক করেছি।
তিনি আরও বলেন, এত মুনাফেক, এতো অবিচারকারী, এতো জুলুমকারীদের সঙ্গে আমার পোষাবে না। এতদিন চলতে পেরেছি, আর পারছি না। ক্লান্ত হয়ে গেছি।
বাবরি মসজিদের কাজ শেষ হলেই দুবাই যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন হুমায়ুন। আবার এর পাশাপাশি ২০২৯ সালের লোকসভা নির্বাচনের ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
চলতি বছরের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রেজিনগর ও নওদা বিধানসভা নির্বাচনে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করেন হুমায়ূন কবির। পরে তিনি রেজিনগর কেন্দ্র থেকে পদত্যাগ করেন। এর ফলে মঙ্গলবার (৬ অক্টোবর) রেজিনগর বিধানসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ বিজেপির প্রার্থী শাখারভ সরকারের কাছে পরাজিত হন। এরপরই হুমায়ুন অভিযোগ আনেন, বিজেপি বুথ জ্যাম, ছাপ্পা ভোট ও ভোট চুরি করে রেজিনগরে জয়লাভ করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।