দীঘিনালায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত
![]()
জার্নাল প্রতিবেদক
‘গ্রামীণ নারীদের অগ্রযাত্রা, নারীর ক্ষমতায়নেই গড়ি সহনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে দীঘিনালা ইউনিয়ন পরিষদে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেইজিং নারী সম্মেলনের ৩০ বছর পূর্তি উপলক্ষে সুইজারল্যান্ড ও কানাডা সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সিসিএম সদস্য ও স্থানীয় নারীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। পরে ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় এম্পাওয়ারমেন্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শাশ্বতী দেওয়ান বলেন, গ্রামীণ নারীদের আর্থসামাজিক উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি চীনসহ বিভিন্ন দেশে নারী পাচার রোধে সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা বলেন, নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের উন্নয়নে সচেতনতা বৃদ্ধি এবং তাঁদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি কৃতেন চাকমা, প্রেসক্লাবের সদস্য হাসান মোর্শেদ রিফাত, স্থানীয় নারী কারবারি ও সিসিএম সদস্যরা উপস্থিত ছিলেন।
নারীদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উন্নয়ন কর্মকাণ্ডে গ্রামীণ নারীদের অংশগ্রহণ আরও জোরদার করার আহ্বানের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।