মহেশখালীর আদিনাথ জেটিতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশুর
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় টমটমের ধাক্কায় আফরিন সোলতানা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সরকারি ছুটিতে পরিবারের সঙ্গে বেড়াতে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় শিশুটি।
নিহত আফরিন সোলতানা নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পর্যটক আল আমিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মহেশখালীর আদিনাথ জেটি এলাকায় একটি টমটমের ধাক্কায় গুরুতর আহত হয় আফরিন। পরে তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা আল আমিন জানান, সরকারি ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে এসেছিলেন তাঁরা। বেড়াতে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় মেয়েকে হারিয়ে শোকাহত পরিবারটি।
দুর্ঘটনায় জড়িত টমটমচালকের নাম তাকিন। তিনি মহেশখালীর চরপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম নুরুল আজম।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোলতান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের দল পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। টমটমচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
সরকারি ছুটিতে পরিবারের সঙ্গে বেড়াতে এসে চার বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।