রামগড়ে জুলাই শহীদ মজিদের পরিবারকে জামায়াতের ২ লাখ টাকা সহায়তা
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির রামগড়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. আবদুল মজিদ হোসেনের বাড়ি নির্মাণের জন্য তাঁর পরিবারকে দুই লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি জেলা শাখা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের রসূলপুর গ্রামে শহীদ মজিদের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের হাতে এ অর্থ তুলে দেন জামায়াতের নেতারা। শহীদের বাবা মো. আমিন মিয়ার হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্যরা।
খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আবদুল মৌমিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য জাফর সাদেক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান, মানিকছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা মনিরুজ্জামান, গুইমারা উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, রামগড় উপজেলা জামায়াতের আমির ফয়জুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
অর্থ সহায়তা প্রদান শেষে জামায়াতের নেতারা শহীদ মো. আবদুল মজিদ হোসেনের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে চাঁদপুরের হাজীগঞ্জ রেললাইনের পাশে একটি খালি ট্রাকে ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ হন ট্রাকের হেলপার মো. আবদুল মজিদ হোসেন। এতে তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুলাই বিকেলে তাঁর মৃত্যু হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।